ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎস খুঁজে না পাওয়ার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন লাগার পরপরই অগ্নি কবলিত তলায় পৌঁছেও কিছু করতে পারেননি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিজস্ব অগ্নি নির্বাপণ ও নিরাপত্তা কর্মিরা। যদিও আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম ছিল তাদের কাছে। তবে সেগুলোর ব্যবহার তো দূরের কথা, উল্টো প্রচণ্ড ধোঁয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেন কয়েকজন অগ্নি নির্বাপণ কর্মি।
শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বসুন্ধরার অগ্নি নির্বাপণ ও নিরাপত্তাকর্মিরা শনিবার এই চিত্র তুলে ধরেন।
তারা জানান, আগুনের খোঁজে প্রথমে তারা ১৮ তলায় যান। কিন্তু প্রচণ্ড ধোঁয়ায় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। এ তলাতেই লিফটে আটকে কয়েকজন আগুনে পুড়ে মারা গেছেন। দমকল বাহিনীর কর্মকাণ্ড নিয়েও রয়েছে তাদের বিস্তর অভিযোগ।
হাসপাতালে চিকিৎসাধীন অগ্নি নির্বাপণ কর্মী এনায়েত হোসেন খান জানান, জুমার নামাজের সময় আগুন লাগার সতর্ক সংকেত বেজে ওঠে। ভবনের যে কোনো জায়গায় আগুন লাগলেই এই এালার্ম বেজে উঠবে বলে উল্লেখ করে তিনি বলেন, আগুনের উৎস খুঁজে বের করার জন্য তারা কয়েকজন লিফটে করে ওপরের দিকে ওঠেন।
তিনি বলেন, সর্বোচ্চ ১৯ তলায় পৌঁছে তারা প্রথমেই যান বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে পোড়া গন্ধ পেয়ে এবং প্রচণ্ড ধোঁয়া দেখে তারা আগুনের অস্তিত্ব নিশ্চিত হন। কিন্তু আগুনের উৎস খুঁজে পাচ্ছিলেন না। ১৯ তলায় আগুনের অস্তিত্ব খুঁজে না পেয়ে তাদের কয়েকজন ছাদে আর কয়েকজন ১৮ তলায় নামেন জানিয়ে তিনি বলেন, ১৮ তলাতেও তারা প্রচণ্ড তাপ অনুভব করেন। ফায়ার ডোরটিও (আগ্নিকাণ্ডের সময় ব্যবহার করার জন্য বিশেষ দরজা) গরম হয়ে গিয়েছিল। সেই দরজাটি খুলতেই কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেলে তিনি প্রচণ্ড তাপ অনুভব করেন। তারপর কোনো রকমে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আরেক অগ্নি নির্বাপণ কর্মী মনির মল্লিক জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা ১৮ তলায় দাঁড়াতেই পারেননি।
তিনি বলেন, "ফায়ারডোর দিয়ে এত ধোঁয়া বের হতে থাকে যে আমাদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। আমরা তাদের উঠিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাই। প্রচণ্ড ধোঁয়ায় টিকতে না পেরে আমাদের কেউ ছাদে আর কেউ লিফট ও সিঁড়ি দিয়ে নিচে নেমে যান। এরই মধ্যে অন্য একটি লিফটে আমাদের আরও কয়েকজন সদস্য ১৮ তলায় আসেন। তবে পরে তারা আর নামতে পারেননি। পুড়ে মারা গেছেন।"
তিনি বলেন, "আমার জানামতে এই তলায় কাঠের তৈরি অনেক আলঙ্করিক আসবাবপত্র ছিল। এ কারণে এগুলো পুড়েছে বেশি। আর তাপ, অন্ধকার ও প্রচণ্ড ধোঁয়ায় আমরা কেউ শ্বাস নিতে পারছিলাম না। ফলে আমরা ভবনে থাকা পানির উৎসস্থল পর্যন্ত পৌঁছতে পারিনি। তার আগেই আমাদের নেমে আসতে হয়েছে।"
তিন শিফটের একেকটিতে ৬ থেকে ৭ জন অগ্নি নির্বাপণ কর্মি দায়িত্ব পালন করে থাকেন বলে উল্লেখ করে তিনি বলেন, এছাড়া ভবনের নিরাপত্তা কর্মিদের সকলেরই অগ্নিনির্বাপনের প্রশিক্ষণ রয়েছে।
তিনি জানান, তারা ছয়জন দৌড়ে ছাদে চলে যান। পরে ছাদেও আগুন ছড়াতে শুরু করলে তারা ভবনের কাচ মোছার জন্য ব্যবহৃত বিশেষ তার (ক্যাবল) ধরে ২০ তলা থেকে নিচে নেমে আসেন। তবে তিনজন হাত ফস্কে নিচে পড়ে যান। এতে একজন নিহত হন। গুরুতর আহত হন দু'জন। একজনকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়। বাকি দু'জন অক্ষত রয়েছেন বলে জানিয়ে তিনি বলেন, তিনি তার পরনের শার্ট ক্যাবলে পেঁচিয়ে কোনো রকমে নিচে নামতে সক্ষম হন।
নিরাপত্তা কর্মি রফিকুল ইসলাম জানান, আগুন লাগার সর্তক সংকেত বেজে ওঠে দুপুর দেড়টা বা পৌনে ২টার দিকে। প্রায় সঙ্গে সঙ্গে ২৫/৩০ জন নিরাপত্তা ও অগ্নি নির্বাপণ কর্মি উপরে উঠে যান। ১৮ তলায় পৌঁছে তারা প্রচণ্ড ধোঁয়ার অস্তিত্ব পান। কিন্তু পুরো তলা ছিল তালাবদ্ধ। ফায়ারডোরটি ভাঙার পরপরই প্রচণ্ড বেগে ঘন, কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। এতে চারদিক অন্ধকার হয়ে যায়। ৩/৪ জন অজ্ঞান হয়ে পড়েন। কয়েকজন দৌড়ে একটি লিফটে করে নিচে নেমে যান। ছাদে চলে যান ৬ জন। কয়েকজন নিচে নেমে যান সিঁড়ি বেয়ে। এ সময় আরেকটা লিফট উপরে উঠে আসে। কিন্তু সেটি আর নিচে নামতে পারেনি।
ওখানেই পুড়ে কয়েকজন মারা গেছেন বলে জানিয়ে তিনি বলেন, ফায়ারডোরটি ভাঙতে তাদের ৮/১০ মিনিট সময় লাগে।
দমকল বাহিনীর কর্মকাণ্ড নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে মনির মল্লিক বলেন, "দমকলের লম্বা মইগুলো (স্কাই লিফট) বড়জোর ১৪/১৫ তলা পর্যন্ত পৌঁছতে পারে। এ কারণে তারা ওপরের তলাগুলো রক্ষার জন্য কিছুই করতে পারেনি। কাচ ভাঙতে ভাঙতে আগুন নিচের তলায় নেমে এলে দমকল কর্মিরা তা মোকাবেলা করেছেন। তার আগে তারা শুধু চেয়ে চেয়ে ঘটনা দেখেছেন।"
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/জিএমএ/টিআর/২০০৬ ঘ.
bdnews24