২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অপর্যাপ্ত নিরাপত্তার কারণে সংসদ ভবনে সন্ত্রাসী হামলা সম্ভব'

সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে জাতীয় সংসদ ভবন। অপর্যাপ্ত নিরাপত্তার কারণে 'খুব সহজেই' সংসদ ভবনে সন্ত্রাসী হামলা চালানো সম্ভব। সংসদ ভবনের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা সোমবার এ অভিমত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে জাতীয় সংসদ ভবন। অপর্যাপ্ত নিরাপত্তার কারণে 'খুব সহজেই' সংসদ ভবনে সন্ত্রাসী হামলা চালানো সম্ভব। সংসদ ভবনের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা সোমবার এ অভিমত দিয়েছেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সংসদ ভবনের 'অপর্যাপ্ত' নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এ ব্যাপারে করণীয় নির্ধারণ হয় ওই বৈঠকে। বৈঠকে নিরাপত্তা ঝুুঁকি এড়াতে সংসদ ভবনের একমুখী প্রবেশদ্বারে বিস্ফোরক চিহ্নিতকরণ যন্ত্র স্থাপন, সীমানা প্রাচীরের উচ্চতা বাড়ানোসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পুলিশ পাসের ব্যবস্থা করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ডেপুটি স্পিকার শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্ত্রাসীরা খুব সহজেই সংসদ ভবনে প্রবেশ করে যেকোন অঘটন ঘটাতে পারবে।" অনেকগুলো প্রবেশদ্বার থাকায় সন্ত্রাসীদের পক্ষে একে একে সংসদ ভবনে জড়ো হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। "এ কারণে প্রবেশপথের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে", বলেন শওকত। কমিটির সদস্য চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, "পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার পর যেকোন সন্ত্রাসী হামলার বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত।" ভিআইপি'র বেশ ধরে কিংবা পতাকাবাহী গাড়িতে করে সংসদ ভবনে সন্ত্রাসীদের হামলা চালানো সম্ভব- এমন আশঙ্কাও ব্যক্ত করেন তিনি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এখন থেকে মন্ত্রী, সাংসদসহ সবাইকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে সংসদে ঢোকানো হবে বলে জানান ডেপুটি স্পিকার। তিনি আরও বলেন, বিস্ফোরকের ব্যাপারে নিশ্চিত হতে গাড়ি স্ক্যানিং যন্ত্র স্থাপন করা হবে। সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রতিবছরের পুলিশ ভেরিফিকেশন করার কথাও ভাবা হচ্ছে বলে জানান ডেপুটি স্পিকার। শওকত আলী বলেন, "এর মাধ্যমে সন্ত্রাসীদের সঙ্গে কর্মকর্তাদের মধ্যে কারো যোগাযোগ রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যাবে।" সীমানা প্রাচীরের উচ্চতা বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, "বর্তমান সীমানা প্রাচীরের উচ্চতা মাত্র ৩ ফুট, এটি বাড়িয়ে ১২ ফুট করা হতে পারে।" এর আগে গত সপ্তাহে বিডিআর বিদ্রোহের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকার বৈঠক করেন। ওই দিনই এ সংক্রান্ত একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। গত শুক্রবার ওই কমিটির প্রথম বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে চারটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো- সংসদ ভবনের প্রবেশমুখে একটি আর্চওয়ে স্থাপন এবং দর্শনার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ, নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্কিং ও গানম্যান নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০৩৭ঘ.