২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, সিলেট-সুনামগঞ্জ যান চলাচল শুরু

সিলেট-সুনামগঞ্জ সড়কের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এর ফলে রোববার সন্ধ্যা ৭টা থেকে এ পথে যান চলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

সিলেট, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট-সুনামগঞ্জ সড়কের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এর ফলে রোববার সন্ধ্যা ৭টা থেকে এ পথে যান চলাচল আবার শুরু হয়েছে। শনিবার সকালে বাস চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সংষর্ষ ও যানবাহন ভাঙচুরের প্রতিবাদে রাতেই সিলেট-সুনামগঞ্জ সড়কের পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। শ্রমিকদের কর্মবিরতির কারণে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবহন মালিকদের বৈঠকে সমঝোতা হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করতে রাজি হয় পরিবহন শ্রমিকরা। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার জের ধরেই শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হয়েছেন।" বৈঠকে মেয়র ছাড়াও জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, পুলিশ সুপার রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, স্থানীয় টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শহীদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.