২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন আইনে বিচার হবে তদন্তের পরই সিদ্ধান্ত : আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কোন আইনে কোন আদালতে হবে তদন্তের পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার । তবে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে বলে তিনি জানান। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারি জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ৮৬তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কোন আইনে কোন আদালতে হবে তদন্তের পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার । তবে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে বলে তিনি জানান। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারি জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ৮৬তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, "মামলাটি বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে কোন আইনে বিচার করা যাবে। যদি দেখা যায়, শুধু সৈনিকরা ওই ঘটনায় জড়িত তবে এক ধরণের বিচার হবে। "আর যদি দেখা যায়, এর সঙ্গে বাইরের কেউ জড়িত আছে তাহলে অন্য ধরণের বিচার হবে। কাজেই তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে কোন আইনে তাদের বিচার করা প্রয়োজন বা বিচারের জন্য কী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।" বিচার প্রক্রিয়ায় কোর্ট মার্শালের বিষয়টি আসতে পারে কি না- এ প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, কোর্ট মার্শালের বিধানটি আসবে যদি মামলাটি আর্মি এ্যাক্ট ১৯৫২ তে নেওয়া হয়। তিনি বলেন, "বাইরের কোন শক্তির হাত না থাকলে প্রচলিত দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার চলতে পারে। যদি নতুন করে বিশেষ ট্রাইব্যুনাল করতে হয় তাহলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।" এ প্রসঙ্গে আইনমন্ত্রী '৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইন করতে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ সংশোধন করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইনেও পিলখানার ঘটনার বিচার হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের ওপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০০১ঘ.