২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ এখনও মেলেনি: সিআইডি

পুলিশের আপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ এখনও পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা , মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের আপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ এখনও পাওয়া যায়নি। সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বিকেলে বলেন, "আমরা নিরবে তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রতিদিনই তদন্ত হচ্ছে, কাজ চালিয়ে যাচ্ছি এবং তথ্যও আসছে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এখন পর্যন্ত কোনো জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি।" বিডিআর সদর দপ্তরে আলোচিত ওই হত্যাকান্ডের ঘটনায় শনিবার আরো ৮জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সহকারি পুলিশ সুপার আব্দুল কাহ্হার আকন্দ বিকেলে বিডিআর সদর দপ্তরের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, গুরুত্বপূর্ণ এই ঘটনার তদন্ত সতর্কতার সঙ্গে চলছে। শনিবার বিডিআর সদরদপ্তরের ভেতর থেকে আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৬ জনকে 'শ্যোন এরেষ্ট' দেখানো হয়েছে। এই ৮জনসহ এপর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, মামলার তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ,আলামত সংগ্রহের কাজ চলছে। শনিবার আরো তিনটি পিস্তল, ৩৬ রাউন্ড গুলি এবং একটি এসএমজি উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম / এলএইচ / এসআইটি /এইচএ/১৯৫০ঘ.