প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অদম্য সেই তর্জনীর চকিত ঘূর্ণিতে মন্ত্রমুগ্ধ লাখো মানুষের এমন সংহতি ৬৮ বছরের এই জীবনে আর দেখেননি শামসুল আলম পান্না। মিছিল-সভা-সমাবেশ, এসব কিছুতেই যাওয়ার তেমন অভিজ্ঞতা ছিল না সেদিনের সেই তরুণ গবেষকের।
কিন্তু সেদিনের সঙ্গে যে তিনি তুলনা করতে পারেননা আর কিছুরই। সেদিনের রেসকোর্স ময়দানে তারই মতো অসংখ্য মিছিল বিমুখ মানুষও যে প্রতীক্ষায় ছিলেন এক মাহেন্দ্রক্ষণের। মাহেন্দ্রক্ষণটি এলো, যখন ওই তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধু বলছিলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।"
বলতে বলতে যেন স্মৃতিতে বুঁদ হয়ে ছিলেন তৎকালীন পাকিস্তান বিজ্ঞান ও শিক্ষা গবেষণা গবেষকদের (বর্তমান বাংলাদেশ বিজ্ঞান ও শিক্ষা গবেষণা পরিষদ) কর্মকর্তা পান্না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরীকে বললেন, "আকাশের দিকে তর্জনী তুলে বঙ্গবন্ধু যখন ভাষণ শেষ করলেন, তখন থেকেই মনে হচ্ছিল এখন আমরা স্বাধীন আমরা মুক্ত।"
সায়েন্স ল্যাবরেটরি হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দীর্ঘ চার দশক কাজ করে এখন অবসর জীবন কাটাচ্ছেন শামসুল আলম।
তিনি বলেন, "৪ মার্চ আমার দুই সহকর্মী ড. আমিন উদ্দিন এবং ড. সিদ্দিক আহম্মেদ এসে আমাদের বললেন, দেশের জন্য আমরা কিছু করতে পারি না? এরপর এম এ বেগের নেতৃত্বে কয়েকজন চাঁদা তুলে ওই দিন রাতেই ব্যানার ও পোস্টার লেখা হয়।
"'দেশের ডাকে দিল সাড়া, প্রকৌশলী ও বিজ্ঞানীরা' এ রকম আরো কিছু শ্লোগান লিখে পরদিন পরিষদের চার/পাঁচজন ছাড়া আমরা সবাই একটি বিক্ষোভ মিছিল করি। মিছিলটি নীলক্ষেত-শহীদ মিনার হয়ে হাটখোলায় পৌঁছে। সেখান থেকে মতিঝিল-প্রেসক্লাব-শাহবাগ হয়ে আবার সায়েন্স ল্যাবরেটরিতে ফিরে আসে।"
এ সময় স্মৃতিকাতর হয়ে পড়া শামসুল আলম জানান, একাত্তরের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনীর হত্যার তালিকায় তার নামও ছিল। তবে আরেক সহকর্মীর নামের সঙ্গে মিল থাকায় বেঁচে যান তিনি। হত্যার শিকার হন শামসুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. আমিন উদ্দিন ও ড. সিদ্দিক আহম্মেদ।
শামসুল আলম বলতে থাকেন...।
"এদিনই (৫ মার্চ) শুনলাম ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের জনসভায় ভাষণ দেবেন। তখনই নিশ্চিত হয়েছিলাম তিনি ওই দিন চূড়ান্ত একটি ঘোষণা দেবেন।
"এরপর শুরু হয় অপেক্ষা।
"৭ মার্চ সকাল থেকেই আমরা রেসকোর্সের জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিই। দুপুরে জনসভাস্থলে গিয়ে পৌঁছি। দেশের বিভিন্ন প্রান্তথেকে হাজার হাজার মানুষ ছুটছিল রেসকোর্সের দিকে। কেউ মিছিল নিয়ে, কেউ বিচ্ছিন্নভাবে। মোট কথা ঢাকা শহরের সব রাস্তাই তখন মিশে গেছে রেসকোর্সে।"
জনসভার বর্ণনা দিতে গিয়ে শামসুল আলম বলেন, "আমরা যখন রেসকোর্সে তখন একটি হেলিকপ্টার ওপরে চক্কর দিচ্ছিল। বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। মনে হচ্ছিল এই বুঝি পাকিস্তানী সেনাবাহিনী আমাদের ওপর হামলা চালাবে। তারপরও কেউই ময়দান ছাড়িনি। সহকর্মীদের অনেকেই বলছিল- ওরা ভয় দেখানোর জন্যই হেলিকপ্টার নিয়ে এসেছে।"
সেদিনের কথা বলতে বলতে হঠাৎ করে মনে করলেন একজনকে। বললেন, "আমাদের সঙ্গে চাকরি করতেন ড. খালেক। তিনি কোনদিনও মিছিল-সমাবেশে যোগ দেননি। অথচ সাতই মার্চের ভাষণে তিনি নিজেতো গিয়েছিলেনই সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেককে।"
ভাষণ শুরুর মুহূর্তটি এই পড়ন্ত বেলায়ও চঞ্চল করে তোলে তাকে।
শামসুল আলমের ভাষায়, "রেসকোর্স তখন কানায় কানায় ভরা। চারদিকে মানুষ আর মানুষ। সব রকমের মানুষ। কেউ লুুঙ্গি পরা, কেউ প্যান্ট-শার্ট পরা, মাথায় গামছা বাঁধা অনেকেরই। অনেকের হাতেই লাঠি। শেখ মজিব ভাষণ শুরু করেন...।"
কোনো কোনো কথিত বুদ্ধিজীবী বঙ্গবন্ধুর এই ভাষণ বিকৃত করে উপস্থাপন করছে এমন অভিযোগ করে তিনি বলেন, "আমাদের নিজের কানে যে স্বাধীনতার মূলমন্ত্র শুনলাম, কেউ কেউ তা বিকৃত করতে চায়। আসলে তারা হীনমন্যতায় ভোগে।"
তার আক্ষেপ, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, যে স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন, তা আজও অপূর্ণ রয়ে গেছে। স্বাধীনতা বিরোধীদের হাতেই দেশ আজ বারবার ক্ষত বিক্ষত হচ্ছে।
এক ধরনের অভিমান থেকেই এখন আর ৭ই মার্চের ভাষণ শোনেন না জানিয়ে শামসুল আলম বলেন, "এক সময় ভাষণটি না শুনলে ভালো লাগতো না। এর প্রতিটি বাক্য মুখস্ত হয়ে গিয়েছিল। কিন্তু দেশের এমন মর্মান্তিক পরিণতি দেখে হতাশায় ডুবে যাই।"
বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গেই এদেশের উন্নতির স্বপ্নও শেষ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, "বঙ্গবন্ধু ৮০ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারলে এদেশ অনেক উন্নত হতো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৬৪৮ ঘ.
bdnews24