২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি ও কৃষি খাতের উন্নয়নে কানাডার প্রতি বিনিয়োগ বাড়ানোর অনুরোধ

বাংলাদেশের জ্বালানি ও কৃষি খাতের উন্নয়নে কানাডাকে এদেশে বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশের জ্বালানি ও কৃষি খাতের উন্নয়নে কানাডাকে এদেশে বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল বুধবার সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ব্যবস্থা, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সম গোলাম কিবরিয়া জানান। কানাডিয়ান কর্মকর্তার সঙ্গে আলোচনায় খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বন্যা ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি কানাডীয় দূতকে জানান, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে প্রায় ২৩ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। বাংলাদেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি ও খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে স্থায়ীভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না গেলেও বর্তমানে প্রয়োজনীয় খাদ্য মজুদ রয়েছে। মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি করা গেলে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি করে খাদ্য নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে। তবে এজন্য বিদ্যুতের উৎপাদনও বাড়াতে হবে। এ লক্ষ্যে বিদেশী বিনিয়োগের প্রয়োজন। এ খাতে কানাডা বিনিয়োগ করতে পারে। কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল মন্ত্রীর বক্তব্য শোনেন এবং বলেন ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। কানাডা তার সরকারি সংস্থা সিডা'র মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখে থাকে। কানাডীয় হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সিলর চন্দ্রন থিরুচিতামপালাম ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এসকে/১৮২২ঘ.