ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় যোগসাজশ, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ ডা. মোজাম্মেলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, "প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ামাত্র এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে খুলনা-২ আসনের বিএনপি সাংসদ নজরুল ইসলাম মঞ্জুর প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফ ২৭তম বিসিএসের প্রথমবারের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।
তিনি বলেন, "২৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মৌখিক পরীক্ষায় যোগসাজশ, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে পত্রপত্রিকায় ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ ও লিখিত অভিযোগ উত্থাপিত হওয়ায় এ পরীক্ষা সম্পর্কে জনমনে আস্থা পুনরুদ্ধার ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য প্রার্থী মনোনয়নের জন্য প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়।
"ফলে প্রথমবার উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়নি।"
দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনুষ্ঠিত ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এরপর নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের চাকরির সুপারিশ করা হয়। ইতোমধ্যে সুপারিশপ্রাপ্তরা চাকরিতে যোগ দিয়েছেন।
অন্যদিকে প্রথমবার উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বারে অনুত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে এখনো আন্দোলন করছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএ/ এসএমইউ/কেআরসি/এএল/এইচএ/১৮০৪ঘ.
bdnews24