রাঙামাটি, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাঙামাটির বরকল উপজেলার শুভলং বাজারে মঙ্গলবার দুপুরে আগুন লেগে কমপক্ষে দুশ' দোকান ও বসতঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের পরপরই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে শুভলং বাজারের একটি বসতবাড়ির রান্না ঘরের চূলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বাতাসের বেগ বেশি থাকায় স্থানীয় লোকজন এবং সেনা সদস্যরা চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী আগুনে কমপক্ষে দুশ' দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর রাঙামাটি থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ও দমকলকর্মীদের প্রাথমিক হিসেবে আগুনে অন্তত তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বরকল উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) এম তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চলছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24