২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস ও চা শ্রমিকের জন্য ওএমএস চালু হচ্ছে

গার্মেন্টস ও চা বাগান শ্রমিকের জন্য ওএমএস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি কেজি চালের দাম পড়বে ১৮ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- গার্মেন্টস ও চা বাগান শ্রমিকের জন্য ওএমএস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি কেজি চালের দাম পড়বে ১৮ টাকা। শহরের পাশাপাশি গ্রামের দরিদ্র জনগণকে খাদ্য নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার জন্য কাবিখা ও সাধারণ ত্রাণের (জিআর) বাজেট বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার খাদ্য মন্ত্রণালয়ে 'খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি'র এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এই মুহূর্তে সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য নয়, একটি টার্গেট গ্র"পকে সামনে রেখে অর্থাৎ প্রাথমিকভাবে গার্মেন্টস ও চা বাগান শ্রমিকদের জন্য ওএমএস চালু করা হচ্ছে।" তিনি বলেন, ওএমএস'র মাধ্যমে একজন শ্রমিককে সপ্তাহে ৫ কেজি করে চাল দেওয়া হবে। নিম্ন-আয়ের মানুষদের খাদ্য নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার জন্য ওএমএস চালু করা হচ্ছে। এতে প্রতি কেজি চালের দাম রাখা হবে ১৮ টাকা। গার্মেন্টস ও চা বাগান মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী মাসের মাঝামাঝি সময়ে এটি চালু করা হবে। ওএমএস এর পদ্ধতি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। আবদুর রাজ্জাক বলেন, এ বছর দেশে প্রায় ১০ লাখ মেট্রিক টন গম উৎপাদন হলেও দাম বেশি হওয়ায় সরকার স্থানীয়ভাবে গম সংগ্রহ করবে না। কারণ এ বছর প্রতি কেজি গম উৎপাদনে খরচ হয়েছে ২৩ টাকা। সরকারিভাবে এ গম কিনতে হলে প্রতি কেজি ২৬ টাকা দরে কিনতে হবে। তিনি বলেন, সরকার গম কিনবে না বলে এর সরকারি মুল্যও নির্ধারণ করা হয়নি। গার্মেন্টস ও চা বাগান শ্রমিকের সংখ্যা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ দুটি নির্দিষ্ট খাতের শ্রমিক সংখ্যা সহজে জানা যাবে। তবে অন্যান্য নিম্ন আয়ের মানুষের সংখ্যা জানা অত্যন্ত কঠিন। তারপরও পর্যায়ক্রমে সবাইকে খাদ্য নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হবে। তিনি জানান, খাদ্যের প্রকৃত চাহিদা এবং সম্ভাব্য উৎপাদন নিরূপণে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, পরিসংখ্যান অধিদপ্তর এবং স্পারসো সম্মিলিতভাবে কাজ করবে। আবদুর রাজ্জাক বলেন, "আমাদের খাদ্য ঘাটতির অন্যতম কারণ সঠিক পরিসংখ্যানের অভাব। দেখা যায়, কৃষি মন্ত্রণালয় ও পরিসংখ্যান বুরোর তথ্যে ব্যাপক ফারাক। এখন থেকে পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি মন্ত্রণালয় এক সঙ্গে খাদ্য চাহিদার পরিমাণ নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, "গত বছর খাদ্য ঘাটতির বড় কারণ ছিল সরকারের কাছে সঠিক পরিসংখ্যান না থাকা। আগে থেকেই চাহিদা নিরূপণ করে ব্যবস্থা নিলে খাদ্য ঘাটতি দেখা দেবে না। আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি।" বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/টিআর/এসকে/২৩২৩ঘ.