২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে এসআই হত্যার ঘটনায় মূল হামলাকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল হামলাকারী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল হামলাকারী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভৈরবপুর উত্তরপাড়ায় অবস্থিত সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান কবির জানান, সকাল ৮টার দিকে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে মামুনকে একটি কক্ষে ঘুমন্ত দেখতে পায়। বিদ্যালয়ের একজন কর্মচারী বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা গিয়ে মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এসআই মোস্তাফিজ হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে। বুধবার দুদফা হামলায় এসআই মোস্তাফিজু নিহত এবং আরও চার পুলিশ গুরতর আহত হন। এদিকে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে মোস্তাফিজের লাশের কিশোরগঞ্জ পুলিশ লাইনস নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর তার জানাজা হয়। জানাজায় পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক এ এসএম মাহবুবুল আলম, পুলিশ সুপার ফারুক আহম্মেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানাযা শেষে তার মরদেহ দাফনের জন্য নিজ গ্রাম নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামে নিয়ে যাওয়া হয়। জানাজার পর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন বলেন, "ঘটনাটি বেদনাদায়ক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।" এরপর অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার ফারুক আহমেদ ভৈরব যান এবং সেখানকার পুলিশের সঙ্গে মতবিনিময় ও ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.