ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে শুক্রবার এক ঘন্টার প্রতীক অবস্থান কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
রাজধানীর মুক্তাঙ্গনে সকাল ১১টা থেকে এক ঘন্টার এ কর্মসূচি পালিত হয়। এসময় তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা হাতে লাল পতাকা বহন করেন।
শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও পূনর্নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে। এতে ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাহিদা সরকার, আমিরুর হক আমিন, ফারুক খান, কামরুন নাহার, আরিফা আক্তার ও আনোয়ার পারভেজ বক্তব্য রাখেন।
গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি দাবি করে তারা বলেন, অর্থমন্ত্রী সরকারি কর্মচারিদের জন্য নতুৃন বেতন স্কেলের কথা বলেছেন। অথচ গার্মেন্টস শ্রমিক তথা শ্রমিক সমাজের ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না।
তৈরী পোশাক মালিকরা বেশি মুনাফার লোভে বেতন বাড়ানোর কোনো পদক্ষেপ নিচ্ছেন না অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/জিএনএ/১৪৫৪ঘ.
bdnews24