২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: জিল্লুর

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর রোববার বঙ্গভবনে প্রথম অফিস করেছেন জিল্লুর রহমান। প্রথমে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশে এক বক্তব্যে রাষ্ট্রপতি সুধী, সমৃদ্ধ দেশ গড়তে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক ঐতিহ্যকে সমুন্নত রেখে সামগ্রিক উন্নয়ন বেগবান করার আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর রোববার বঙ্গভবনে প্রথম অফিস করেছেন জিল্লুর রহমান। প্রথমে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশে এক বক্তব্যে রাষ্ট্রপতি সুধী, সমৃদ্ধ দেশ গড়তে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক ঐতিহ্যকে সমুন্নত রেখে সামগ্রিক উন্নয়ন বেগবান করার আহবান জানিয়েছেন। তিনি বলেন,'' পরমত সহিষ্ণুতা, গণতান্ত্রিক রীতি-নীতির চর্চা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সকল জাতীয় ইস্যুর আলোচনার কেন্দ্র বিন্দু হবে মহান জাতীয় সংসদ।'' সকাল সাড়ে ১০টার পর রাষ্ট্রপতি জিল্লুর রহমান গুলশানে আইভি টাওয়ার থেকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম। রাষ্ট্রপতির সামরিক সচিব মো. রুহুল আমিন, তথ্য সচিব আবদুল আউয়াল হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির উপ তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে অফিস করছেন। তিনি সকালে বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট গার্ড অব অনার প্রদান করেন।'' পরে রাষ্ট্রপতি তার চেম্বারে যান। এছাড়া বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশেও বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি বঙ্গভবনকে জাতির আশা-আকাক্সক্ষার প্রতীক হিসেবে অভিহিত করে এই প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে কর্মকর্তা-কর্মচারিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন,'' আপনাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।'' জিল্লুর রহমান আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে দিন বদলের যে সনদ ঘোষণা করেছে, তা সকলের প্রচেষ্ঠায় সফল হবে। জিল্লুর রহমান বৃহস্পতিবার দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বঙ্গভবনের দরবার হলে। এরপর তিনি গুলশানে নিজের বাসায় চলে যান। পরদিন জাতীয় স্মৃতি সৌধ, ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন রাষ্ট্রপতি। শনিবার তিনি বনানী কবরাস্থানে তার স্ত্রী আইভি রহমান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও জাতীয় তিন নেতার কবরে পুস্পমাল্য অর্পণ করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১২৫৬ ঘ.