ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটির দিনে মেলায় প্রবেশের সুবিধার্থে আরও দু'টি প্রবেশ পথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
বুধবার অমর একুশে গ্রন্থ মেলার ১১তম দিনে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মো. সাহেদ এ কথা জানান।
বুধবার মেলায় দর্শনার্থীদের প্রচুর ভিড়ের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, "মেলায় দর্শনার্থীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ছুটি ও উৎসবের দিন আরও বাড়বে।"
তাই মেলায় ঢোকার সময় যাতে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট ও কষ্ট করতে না হয় সে জন্য ১৩ ও ১৪ ফেব্র"য়ারি এবং অন্যান্য ছুটির দিন আরও দু'টি প্রবেশ পথ তৈরির জন্য ডিএমপিকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, মেলার ১১তম দিনে ১০১টি নতুন বই প্রকাশিত হয়েছে। গবেষণা ও মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের সংখ্যাও বাড়ছে।
সংবাদ সম্মেলনে সৈয়দ মো. সাহেদকে এশিয়া পাবলিকেশন-এর প্রকাশিত 'মুক্তিযুদ্ধে নারী' বইটির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বাংলা একাডেমীতে মুক্তিযুদ্ধের পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল।
সেটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিয়ে যায় এবং হারিয়ে ফেলে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর এখন বই নকলের ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি।"
এশিয়া পাবলিকেশন থেকে 'মুক্তিযুদ্ধে নারী' বইটি প্রকাশিত হয়েছে, যা 'মুক্তিযুদ্ধ ও নারী' বইয়ের নকল বলে দাবি করেছে বাংলাদেশ নারী প্রগতি ও ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট। তারা নকল বইয়ের সকল কপি বাজেয়াপ্ত করারও দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/টিআর/০০২৩ ঘ.
bdnews24