২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতন নিয়ে আশুলিয়ায় সংঘর্ষে ৩১ পুলিশসহ আহত এক শ'

আশুলিয়ার কুশিয়ারা কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩১ পুলিশসহ কমপক্ষে ১০০জন আহত হয়েছেন। দুপুর আড়াইটা থেকে সন্ধা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে ৪ ঘন্টা ধরে চন্দ্রা-বাইপাইল রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটে আটকা পড়েন কয়েক হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আশুলিয়ার কুশিয়ারা কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩১ পুলিশসহ কমপক্ষে ১০০জন আহত হয়েছেন। দুপুর আড়াইটা থেকে সন্ধা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে ৪ ঘন্টা ধরে চন্দ্রা-বাইপাইল রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটে আটকা পড়েন কয়েক হাজার মানুষ। তবে সন্ধার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। কারখানাটি আওয়ামী লীগের সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর বলে পুলিশ জানায়। বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি অফিস, প্রতিষ্ঠান ও বেশকিছু গাড়ি ভাঙ্গচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ৫৯ রাউন্ড টিয়ারগ্যাস ও ২ শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে শ্রমিকদের বেতন দেবার নির্ধারিত তারিখ ছিল। কিন্তু সকালে কতৃপক্ষ জানায়, তারা বেতন দিতে পারবে না। বেতন দেওয়া হবে ১৮ ফেব্র"য়ারি। তিনি জানান, একথা শুনেই শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। এছাড়া কিছুদিন আগে জনৈক প্রডাকশন ম্যানেজার কয়েকজন শ্রমিকের মোবাইল সেট ভেঙ্গে ফেলায় আগে থেকেই কারখানায় উত্তেজনা বিরাজ করছিল। রফিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে বিক্ষোভ করতে শুরু করলে পুলিশ সদস্যদের নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। শ্রমিক নেতাদের নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। মালিক পক্ষ বৃহস্পতিবার সকালে বেতন দিতে রাজী হয়। কিন্তু সে সময়ে কিছু শ্রমিক হঠাৎ করেই পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পুলিশ জানায়, এ সময় শ্রমিকদের সঙ্গে আশপাশের গার্মেন্টস শ্রমিকরাও যোগ দেয়। এতে পরিস্থিতির অবনতি ঘটে এবং তা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষ চলে চারঘন্টা ধরে। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল রুটের বেশ কিছু বাস, কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠানের গাড়ি ও অফিস ভাঙ্গচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫৯ রাউন্ড টিয়ার গ্যাসের সেল ও ২শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে আশুলিয়ার থানার ওসি ও ৩০ পুলিশ সদস্যসহ শতাধিক আহত হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, সাভার থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। সন্ধার কিছু পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রাত সাতটা নাগাদ রাস্তায় পুনরায় গাড়ি চলাচল শুরু হয়। আশপাশের এলাকা ও গার্মেন্টসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবারই শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাবেন কিনা জানতে চাইলে রফিকুল ইসলাম জানান, সংঘর্ষ হওয়ায় শ্রমিকদের বেতন কবে দেয়া হবে, সেটি মালিক পক্ষের সঙ্গে আলোচনা না করে বলা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/টিআর/২৪০০ঘ.