কক্সবাজার, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাসে এই প্রথম বারের মতো গোটা দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের সু-বাতাস বইছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার দুপুরে কক্সবাজারের হোটেল সী-গালে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় মুক্ত মিডিয়া এসোসিয়েশন (সাফমা) আয়োজিত সপ্তম আঞ্চলিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
দীপু মনি বলেন, "মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্র ও উন্নয়নের পূর্বশর্ত। অতীতে যখনই মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে তখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে।"
তিনি বলেন, "ইতিহাসে এই প্রথম বারের মতো গোটা দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের সু-বাতাস বইছে।"
সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের এক ইঞ্চি ভূমিও কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও দাবি করেন দীপু মনি।
তিনি বলেন, "আমাদের দেশেই হোক কিংবা এই অঞ্চলের অন্য কোনো দেশেই হোক, কোনো অপশক্তিকেই সন্ত্রাস ও জঙ্গিবাদ চালাবার সুযোগ দেওয়া হবে না।"
এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে কার্যকরভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার এগিয়ে আসবে বলেও তিনি জানান।
বুধবার বিকেলে সাফমা সম্মেলনের ঘোষণায় ভারতের মুম্বাই হামলা, শ্রীলংকায় জাতিগত সংঘাত ছাড়াও বিভিন্ন দেশে সাংবাদিকদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। তবে স্বাগত জানানো হয় নেপালে রাজতন্ত্রের পতনের মাধ্যমে একটি সংসদীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসাকে।
এছাড়াও ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হওয়ায় সম্মেলনে হতাশা প্রকাশ করা হয়।
সাফমার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইমতিয়াজ আলম জানান, বুধবার কক্সবাজার ঘোষণার মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার সম্মেলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্থান পরিদর্শন ও কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন সাফমা বাংলাদেশ চ্যাপ্টারের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন আহমদ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাউথ এশিয়ান মিডিয়া মনিটরের সম্পাদক ওয়াকার মোস্তফা, আফগানিস্তানের আমিন মোদক্কিক, ভুটানের গুফিলান আচারিয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ভারতের মানিক চোপড়া, মালদ্বীপের ইরোসাধা এ. সাত্তার, নেপালের প্রকাশ রিমেল, শ্রীলংকার ম্যান গণসাকারা ও পাকিস্তানের খালেদ শেখ।
সাফমার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইমতিয়াজ আলম অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
সার্কভুক্ত আটটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০৫৮ ঘ.
bdnews24