ঢাকা ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক মহলে সম্ভাব্য টিফা ও ট্র্যানজিট চুক্তির বিরোধিতা অব্যাহত রয়েছে।
কয়েকটি দল ও সংগঠন রোববার বলেছে , 'কোনভাবেই' যুক্তরাষ্ট্র সঙ্গে টিফা বা ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তি করা যাবে না। সরকার যদি এরকম কোন পদক্ষেপ নেয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। দক্ষিণ এশীয় টাস্কফোর্সের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে মন্তব্য করে তারা এরও বিরোধিতা করেন।
রবিবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত পৃথক তিন জনসভায় এসব মত দেন জনসংহতি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও হিযবুত তাহরীর বাংলাদেশ এর নেতারা।
সমাবেশ তিনটির বক্তারা প্রায় অভিন্ন ভাষায় বলেন, এসব চুক্তির মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্র এদেশের সম্পদ লুট করে নিয়ে যেতে চায়। এছাড়া এসবের মাধ্যমে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলাবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।
সমাবেশ শেষে সংগঠনগুলো বিক্ষোভ মিছিলও করে।
শনিবার প্রধান কয়েকটি বাম দল একই ধরণের কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১১৮ঘ.
bdnews24