ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হচ্ছে।
প্রধান বিরোধী দল বিএনপিকে চারটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ হুইপ আব্দুস শহিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনুপাতিক হারে বিএনপি স্থায়ী কমিটির সভাপতির চারটি পদ পায়। এরই মধ্যে আমরা তাদের কাছে নাম চেয়েছি।"
তিনি বলেন, "এছাড়া তিনটি সভাপতির পদ দেওয়া হচ্ছে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে।"
সংসদের এই অধিবেশনেই ৩৭টি মন্ত্রণালয় ও সংসদ সম্পর্কিত ১১টি স্থায়ী কমিটি গঠন করা হবে। এই ১১ টির মধ্যে দু'টি কমিটি এরই মধ্যে গঠন করা হয়েছে।
এর আগের আটটি সংসদের কোনটিতেই স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হয়নি।
গত অষ্টম সংসদে আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ দাবি করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতাসীন বিএনপি তাতে রাজি হয়নি।
এবার আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্র"তি দিয়েছিল যে, ক্ষমতায় গেলে তারা বিরোধী দলকে আনুপাতিক হারে স্থায়ী কমিটির পদ দেবে।
প্রত্যেকটি মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দশ সদস্যের পৃথক পৃথক স্থায়ী কমিটি গঠন করা হয়ে থাকে। 'মিনি পার্লামেন্ট' হিসেবে পরিচিত স্থায়ী কমিটি সংসদে উত্থাপিত বিলগুলোও পরীক্ষা-নিরীক্ষা করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/১৫৪৮ঘ.
bdnews24