২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট প্রত্যাহার

দুই দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আট ঘন্টা পরেই রোববার বিকেলে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আট ঘন্টা পরেই রোববার বিকেলে প্রত্যাহার করে নেয়া হয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন তাদের দাবি সন্তোষজনকভাবে মেনে নেয়ায় বৃহত্তর স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। ভারতে জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশী ছয় নৌ শ্রমিকের মুক্তি এবং শ্রমিকদের খাদ্যভাতা বৃদ্ধির দাবিতে রোববার সকাল থেকে ভারত-বাংলাদেশের বিভিন্ন রুটে পণ্য পরিবাহী নৌযানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এসময় বাংলাদেশের চট্টগ্রাম, মংলা, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, ঘোড়াশাল ও মেঘনা নৌ বন্দর থেকে ভারতে চলাচলকারী আড়াই শ'র বেশি জাহাজে পণ্য পরিবহন বন্ধ থাকে। বিকেলে এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে ধর্মঘটকারীদের জানানো হয়, মালিক ও পরিবহনকারী পক্ষ ভারতে আটক ছয় শ্রমিককে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং শ্রমিকদের খাদ্যভাতা ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকায় উন্নীত করা হয়েছে। এর আগে রোববার দুপুরে আবুল কাশেম মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ভারতে আটক ছয় শ্রমিকের মুক্তি এবং খাদ্য ভাতা বাড়িয়ে একশ' টাকা করার দাবিতে রোববার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। তিনি জানান, গত ৫ জানুয়ারি নৌ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিআইডাব্লিউটিএ, মালিক ও ক্যারিয়ার এবং নৌযান শ্রমিকদের এক যৌথ সভায় এই দুইটি দাবি তোলা হয়েছিল এবং জানুয়ারি মাসের মধ্যে দাবি আদায় না হলে ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছিল। ওই সভায় আবুল কাশেম মাস্টার ছাড়াও উপস্থিত ছিলেন নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। গত নভেম্বর মাসে মুম্বাই জঙ্গি হামলার পর ভারতীয় কর্তৃপক্ষ পশ্চিমবাংলার বজবজ নৌবন্দরে অবস্থানরত বাংলাদেশী জাহাজ এমভি সাদিয়া অরিন, এমভি হাজী সোহরাব হোসেন ও এমভি বাংলার স্বপ্ন থেকে ছয় নৌ শ্রমিককে জঙ্গি সন্দেহে আটক করে। ভারতীয় কর্তৃপক্ষ এখনো তাদের মুক্তি দেয়নি। শ্রমিকরা অভিযোগ করেছে, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরও আটক শ্রমিকদের মুক্তির জন্য কোন আইনী বা কূটনৈতিক পদক্ষেপ নেয়নি। এ ছাড়া নৌযান মালিক পক্ষ ভারতগামী এসব নৌযানে কর্মরত শ্রমিকদের দৈনিক খাদ্য ভাতা ২০০০ সালে ৫০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা নির্ধারণ করে। ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত শ্রমিকদের ৫০ টাকা খাদ্য ভাতা দেয়া হতো। ভারত-বাংলাদেশের মধ্যে নৌরুটে চলাচলকারী আড়াই শতাধিক জাহাজে প্রায় তিন হাজার শ্রমিক কর্মরত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/২০৫২ ঘ.