২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিল তাদেরও বিচার চাই'

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, যুদ্ধাপরাধীদের পাশাপাশি সহযোগী হিসেবে যারা তাদের মন্ত্রী বানিয়েছিল তাদেরও বিচার করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 07:06 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, যুদ্ধাপরাধীদের পাশাপাশি সহযোগী হিসেবে যারা তাদের মন্ত্রী বানিয়েছিল তাদেরও বিচার করতে হবে। শনিবার সকালে নির্মূল কমিটি ভূঞাপুর উপজেলা শাখার সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শাহরিয়ার কবির বলেন, "জামায়াতে ইসলামী এবং আমিনীদের ব্যবসা বন্ধ হবে বলে তারা আজ শিক্ষানীতির বিরোধিতা করছে। জামায়াতের ইসলাম হচ্ছে হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ইসলাম। আর আমাদের ইসলাম হচ্ছে হাজার বছরের সুফীদের ইসলাম। সহনশীল ও শান্তির ইসলাম।" ইবরাহীম খাঁ কলেজ অডিটরিয়ামে মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, অভিনেত্রী শম্পা রেজা, নির্মূল কমিটি জেলা শাখার সদস্য সচিব কে এম আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আরজু, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান সামছুল হক তালুকদার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক নাজির হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.