ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইংলিশ রোডে একটি মিনিবাস থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এদিন দুপুরে কামাল হোসেন (২৮) নামে এক ইট ব্যাবসায়ীকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা।
কোতওয়ালী থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, বৃৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইংলিশ রোডের দক্ষিণ পাশে ছালছাবিল পরিবহনের একটি মিনিবাসের (ঢাকা মেট্রো জ ১১-১৫৩৭) পেছনের লম্বা সিটের নীচ থেকে এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৮। পরনে ছিল কালো প্যান্ট ও ছাই রঙের ফুল হাতা গেঞ্জি।
তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশের পাশে একটি গামছাও পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা জানান, গাড়িটি সকাল থেকেই ওখানে পড়ে ছিল। পরে সন্ধ্যায় বাসটি ঘিরে জনতার ভিড় জমে গেলে টহল পুলিশ গিয়ে ভেতরে একটি লাশ পায়। বাসের মালিককে খোঁজা হচ্ছে। বাসটি পোস্তগোলা- টঙ্গীবাড়ি রুটে চলাচল করতো।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে জানান, বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা ইট ব্যবসায়ী কামাল হোসেনকে ধরে নিয়ে হত্যা করে। নিহত ব্যাবসায়ী কামাল খেজুরবাগ পাড় গেণ্ডারিয়া এলাকায় থাকতেন।
তিনি বলেন, বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে খেজুরবাগ এলাকায় ঢোকার সময় সন্ত্রাসীরা তাকে ধরে স্থানীয় বালুর মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করে । এ ঘটনায় পুলিশ মোস্তফা (২৮), রফিকুল (২৭), খোকন (২৬) ও তৌহিদুল (৩০) নামে চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার কারণ সম্পর্কে ওসি নীলোৎপল দে জানান, কামালের পরিচিত স্থানীয় এক মহিলাকে নানাভাবে বিরক্ত করতো সন্ত্রাসীরা। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কামাল খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24