মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশুসম্পদ অধিদপ্তরে পদোন্নতি প্রক্রিয়ার ক্ষেত্রে গড়িমসির অভিযোগ উঠেছে অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজির) বিরুদ্ধে।
অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, মন্ত্রীর নির্দেশ সত্ত্বেও মহাপরিচালক হাবিবুর রহমান পদোন্নতির তালিকা তৈরি করছেন না। এতে দপ্তরে পদোন্নতি জটের পাশাপাশি শূন্য পদে নিয়োগ নিয়েও জটিলতা দেখা দিচ্ছে।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কথায়ও মহাপরিচালকের গড়িমসির অভিযোগটির সত্যতা মিলেছে।
মন্ত্রী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পদোন্নতির তালিকা তৈরির জন্য দুই সপ্তাহ আগে অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়। কিন্তু তা না পাওয়ায় সাতদিনের মধ্যে তালিকা দেওয়ার তাগিদ দিয়ে গতকাল (মঙ্গলবার) আরেকটি চিঠি দেওয়া হয়েছে।"
মন্ত্রী জানান, আগামী সপ্তাহে বিভাগীয় পদোন্নতি কমিটির বৈঠকে পদোন্নতির বিষয়গুলো চূড়ান্ত করতে চান তিনি।
বর্তমানে অধিদপ্তরের পাঁচটি পরিচালক, ১৪টি উপ-পরিচালক এবং ৩৩ সহকারী পরিচালকের পদের প্রায় প্রতিটিতে কর্মকর্তারা চলতি দায়িত্বে রয়েছেন। অধিদপ্তরে প্রথম শ্রেণীর ১৫৪১টি পদের মধ্যে ৪০০টি শূন্য রয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-পরিচালক ডা. হাবিবুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঞ্চিতদের মামলার পরিপ্রেক্ষিতে ১৪ বছর ধরে অধিদপ্তরের বিভিন্ন পদে পদোন্নতি বন্ধ ছিলো। ফলে ডিজির নিয়মিত পদের জন্য সাত বছর আগে যোগ্য হওয়ার পরও আমি নিজেই রয়েছি চলতি দায়িত্বে।"
তবে পদোন্নতির তালিকা তৈরির জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, "মন্ত্রণালয় থেকে গতকালই (মঙ্গলবার) একটি চিঠি দেওয়া হয়েছে। তালিকা তৈরি করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে।"
হাবিবুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে তৃণমূল পর্যায়ের ৪০৮ কর্মকর্তা ইতিমধ্যে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে ঊর্ধ্বতন পদগুলোতে পদোন্নতির প্রস্তুতি চলছে।
বর্তমানে অধিদপ্তরের দুজন উপ-পরিচালকের মধ্যে জ্যেষ্ঠ ডা. সাব্বির আহমেদ মহাখালী পশুসম্পদ গবেষণা ইনস্টিউটের পরিচালকের পদে রয়েছেন। অন্যজন ডিজি হাবিবুর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, সাব্বির আহমেদ পদোন্নতি পেলে মহাপরিচালকের দায়িত্বে চলে আসতে পারেন। এ আশঙ্কায় হাবিবুর রহমান পদোন্নতি প্রক্রিয়া সাব্বিরের অবসরের সময় পর্যন্ত ঠেকিয়ে রাখতে চাইছেন। এর মধ্য দিয়ে আটকা পড়েছে প্রায় দেড়শ কর্মকর্তার পদোন্নতি।
পদোন্নতির আবেদনকারী অধিদপ্তরের এ কে এম ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দপ্তরে বর্তমানে উপ-পরিচালক হওয়ার যোগ্য ৩৩ জন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং পরিচালক হওয়ার মতো ১৪ জন সহকারী পরিচালক রয়েছেন। সহকারী পরিচালকদের অনেকে পরিচালকের চলতি দায়িত্বেও রয়েছেন।
তিনি আরো জানান, নিয়মিত পরিচালকের সব ক'টি পদেই বর্তমানে সহকারী পরিচালক মর্যাদার কর্মকর্তারা চলতি দায়িত্বে রয়েছেন। অন্যদিকে উপ-পরিচালকের ১৪টি পদের মধ্যে ১২টি খালি রয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান জানান, মহাপরিচালক ছাড়াও অধিদপ্তরের মোট ১ হাজার ৫৪১টি পদের মধ্যে পাঁচটি পরিচালক ও ১২টি উপ-পরিচালকের পদ রয়েছে। এর মধ্যে উপ-পরিচালক, পরিচালক ও মহাপরিচালকের পদে নিয়োজিতরা সবাই চলতি দায়িত্বে নিয়োজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১২৪৫ ঘ.
bdnews24