ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় খারাপ ফলের কারণ নির্ণয়ে তিন সদস্যের উপ-কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য আতিউর রহমান আতিককে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন আব্দুল মান্নান এবং তালুকদার মো: ইউনুস।
স্থায়ী কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের আওতায় পরিচালিত স্কুলগুলোতে খারাপ ফলাফলের কারণ খতিয়ে দেখতে এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
স্থায়ী কমিটির এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আতিউর রহমান আতিক, আব্দুল মান্নান, তালুকদার মো. ইউনুস, আফাজ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এবং জোবেদা খাতুন।
প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এক হাজার ৯৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি।
এর মধ্যে রয়েছে এক হাজার ৩৬টি 'আনন্দ স্কুল', রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯০টি, অন্যান্য বিদ্যালয় ২৯১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫৯টি, কমিউনিটি বিদ্যালয় ১২০টি, ব্র্যাক পরিচালিত বিদ্যালয় ৩৩টি এবং শিশু কল্যাণ বিদ্যালয় ৮টি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন মঙ্গলবার ফলাফল ঘোষণার দিন বলেন, ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শূন্যের কারণ নির্ণয় করা হবে। যারা শিক্ষাদানে নিয়োজিত এবং কমিটিতে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি তখন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেএফ/এসকে/২১৩৯ঘ.
bdnews24