শরীয়তপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে শরীয়তপুর পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আ. মান্নান আকন (৪০)। মঙ্গলবার রাতে সদর উপজেলার আংগারীয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পালং থানার উপপরিদর্শক সরদার অহিদুজ্জামান।
তিনি সাংবাদিকদের বলেন, "মান্নানের কছে দলের কিছু কাগজপত্র ছিলো। সে দলের প্রচার চালানোর কথা স্বীকার করেছে।"
পালং থানার ওসি রবিউল আলম জানান, মান্নানকে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
আল্লাহর দল সংগঠনটি সরকারের কালো তালিকায় রয়েছে। সংগঠনের প্রধান মতিন মেহেদী বর্তমানে কারাগারে। সংগঠনটি নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে যোগাযোগ রক্ষা করে বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24