বাগেরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় বুধবার সকালে এক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওই ব্যক্তি খুন হয়েছেন।
নিহত শহীদুল ইসলাম শহীদ (৩৮) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানায়। তার বাড়ি মংলার কুমারখালী এলাকায়।
মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মংলা বন্দর কর্তৃপক্ষের রেস্ট হাউজের পাশে লাশটি পাওয়া যায়।
তিনি বলেন, "শহীদের বুক ও পেটে কমপক্ষে তিনটি গুলির চিহ্ন রয়েছে।"
ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জালাল জানান, শহীদ বাগেরহাট জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থী। তার বিরুদ্ধে মংলা থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অভিযোগে ১৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় মংলা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩০ ঘ.
bdnews24