বাগেরহাট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী বলায় স্বরাষ্ট্র মন্ত্রীসহ দু'জনের বিরুদ্ধে করা একটি মামলা আদালত খারিজ করে দিয়েছে আদালত।
মামলার অপর আসামি হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আব্দুস সালাম খানের আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের জুয়েল মল্লিক।
বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত মামলাটি খারিজ করে দেন বলে জানান আদালতের আইনজীবী শামসুল হক।
বাদী এজাহারে বলেন, গত ১৮ ডিসেম্বর প্রকাশিত দৈনিক প্রথম আলোতে 'বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না' শীর্ষক সংবাদে বলা হয়, এক সভায় সাহারা খাতুন ও মাহাবুবুল আলম হানিফ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেছেন।
এজাহারে আরো বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী কখনো যুদ্ধাপরাধী ছিলেন না। প্রকাশিত সংবাদে বাদী নিজে মর্মাহত হয়েছেন এবং বিএনপি'র মানহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫২ ঘ.
bdnews24