২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে হয়রানি না করতে আদালতের নির্দেশ

মানহানির মামলায় আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত। মানহানির মামলায় মাহমুদুরসহ তিন জনের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মাগুরার একটি আদালত। ওই মামলায় আগাম জামিন চেয়ে মঙ্গলবার হাইকোর্টে যান মাহমুদুর রহমান এবং আমার দেশ প্রকাশক হাসমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ। আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মাহমুদুরসহ তিন জনের ওই আবেদনের শুনানির জন্য আগামী ৩ জানুুয়ারি তারিখ নির্ধারণ করেন এবং ওই সময় পর্যন্ত বিবাদিদের হয়রানি না করার জন্য সরকারের প্রতি নির্দেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মামলাটি মাগুরার একটি আদালতে মামলাটি আমলে নিয়েছে। সুতরাং বিবাদিদের ওই আদালতে যাওয়াই বাঞ্ছনীয়। বিবাদিদের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, নিম্ন আদালতে গেলে বিবাদিরা হয়রানির শিকার হতে পারেন। তাই তারা উচ্চ আদালতের দ্বারস্ত হয়েছেন। আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী ঘুষ নিয়ে বিনা দরপত্রে ৩৭০ কোটি টাকার একটি কাজ যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনকে পাইয়ে দিয়েছেন। এতে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে অভিযোগ করে মামলা করেন মাগুরা জেলা স্বেচছাসেবক লীগের আহ্বায়ক আশরাফ হোসেন লিটন। একই সংবাদের জের ধরে বিভিন্ন স্থানে আরো কয়েকটি মামলাও হয়েছে। মাহমুদুর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৫ ঘ.