ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ফেনীতে বিডিআরের ৬২ সদস্যের বিচার রোববার শুরু হচ্ছে।
একটি বিশেষ আদালতে বিকাল ৩টায় এ বিচার চলবে।
১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাউদ্দিন শনিবার এক সংবাদ সম্মেলনে বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে ওই বিশেষ আদালতে নেতৃত্ব দেবেন বিডিআর মহাপরিচালক মো. মইনুল ইসলাম। বিচারক প্যানেলের অপর দুজনও থাকবেন বিডিআরের দুই কর্মকর্তা। এছাড়া অ্যাটর্নি জেনারেল মনোনীত একজন প্রতিনিধি আদালতকে প্রয়োজনীয় সহায়তা দেবেন।
তিনি জানান, অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। কেউ চাইলে বিডিআর কর্মকর্তা বা কোনো আইনজীবীর পরামর্শও নিতে পারবে।
পিলখানায় চলতি বছরের ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। তখন রাজধানীর বাইরে কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
ওই বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড ও লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24