ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে বিশেষ আদালত-৩ এ বিডিআর বিদ্রোহের বিচার শুরু হচ্ছে ২০ ডিসেম্বর।
বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ অনুযায়ী গঠিত এই বিশেষ আদালত-৩ শুধুমাত্র বিদ্রোহের ঘটনায় অভিযুক্তদের বিচার করবে বলে শুক্রবার বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ফেনীতে ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরে ওই আদালতের বিচারকাজ চলবে। বিডিআর আইন অনুযায়ী বাহিনীর মহাপরিচালক আদালতে সভাপতিত্ব করবেন। অপর দু'ই বিচারক হিসেবে বিডিআরের দুই কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল মনোনীত একজন প্রতিনিধি আদালতকে প্রয়োজনীয় সহায়তা দেবেন।
অভিযুক্তরা নিজেরাই আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। তবে কেউ চাইলে সহায়তার জন্য নিজ বাহিনীর কোনো কর্মকর্তা বা কোনো আইনজীবির পরামর্শ নিতে পারবেন।
পিলখানায় ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। তখন রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
ওই বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ড ও লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২১২৩ ঘ.
bdnews24