গাজীপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেললাইনের পাশে হ্যান্ডকাপ পরা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
কালীগঞ্জের মূওলগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেল লাইনের পাশে শুক্রবার সকালে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তখন কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) খালিদুল হক হাওলাদার ও ওসি আব্দুল আউয়াল ঘটনাস্থলে যান।
রেল পুলিশের আওতাধীন এলাকায় থাকায় লাশটি উদ্ধার করেনি কালীগঞ্জ থানা।
ওসি আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশটি যেখানে পড়ে আছে, তা রেল পুলিশের এলাকা। ঘটনাটি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
পরে বিকাল সাড়ে ৩ টায় রেল পুলিশ লাশাটি উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে যায়।
ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভৈরব জিআরপি (রেল পুলিশ) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাপস চন্দ্র রায়।
তিনি বলেন, রেল কর্তৃপক্ষের মাধ্যমে তারা লাশের খবর পেয়েছেন ৩টা ২০ মিনিটে।
কালীগঞ্জ থানার ওসি আউয়াল জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার মাথায় গুলির চিহ্ন এবং হাতে হ্যান্ডকাপ রয়েছে। তার পরনে রয়েছে খয়েরী রঙে চেক লুঙ্গি, কালো টি-শার্ট ও খয়েরী জ্যাকেট।
তবে হ্যান্ডকাপ কেন এবং হ্যান্ডকাপটি পুলিশের কিনা- জানতে চাওয়া হলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24