ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা ছিনতায়ের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের এক সহকারি উপ-পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মইনুল হোসেন আদাবর থানায় কর্মরত। এ ঘটনায় জড়িত অপর দু'জনও পুলিশ সদস্য। তারা হচ্ছেন কোতওয়ালি থানার উপপরিদর্শক রওশন জামান এবং পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত কনস্টেবল সাজু মিয়া। পুলিশ তাদেরকেও খুঁজছে।
মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোতালেব প্লাজার মোবাইল ফোন ব্যবসায়ী সাকলাইন আহমেদের দুই কর্মচারী মতিঝিল থেকে রিক্সায় করে কাকরাইলের একটি ব্যাংকে সাড়ে ১৬ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। এসময় কাকরাইল মোড়ে মোটর সাইকেলে করে আসা তিন ব্যক্তি তাদের গতিরোধ করে।
ওই দুই কর্মচারী সুজন ও লিটন জানান, মোটর সাইকেল আরোহীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং ব্যাগে থাকা টাকা অবৈধ বলে দাবি করে। তারা এর প্রতিবাদ জানান। এ সময় সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায়। পাশে কতর্বরত পুলিশও ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে তিন পুলিশ সদস্য পালানোর চেষ্টা করে। দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে।
পুলিশ কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, পরে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে পুলিশের সহকারি উপপরিদর্শক মইনুল হোসেন বলে জানান। তার সঙ্গে যারা ছিল তারাও পুলিশ সদস্য বলে জানান মইনুল হোসেন।
ব্যবসায়ী সাকলাইন আহমেদ সাড়ে ১৬ লাখ টাকার কথা বললেও ঘটনাস্থল থেকে ১৫ লাখ ৯২ হাজার ৫শ' টাকা উদ্ধার করা হয় বলে জানান সহকারি পুলিশ কমিশনার।
এব্যাপারে পল্টন থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯৫৪ ঘ.
bdnews24