নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহনে ভাড়া নিয়ে মঙ্গলবারও নারায়ণগঞ্জের জালকুড়িতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে এলাকার ছাত্র ও লোকজন।
এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা চাষাড়ায় পাল্টা অবারোধ করলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যানবাহন চলাচল একঘণ্টা বন্ধ থাকে।
এ কারণে ওই রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
একই কারণে সোমবার পরিবহন শ্রমিকদের মারধর করায় শ্রমিকরা চাষাড়ায় সড়ক অবরোধ করে।
এলাকাবাসীর বরাত দিয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এস এম আশরাফুল আলম জানান, দুপুর ১২টার দিকে ভাড়া নিয়ে জালকুড়ি বাস স্ট্যান্ডে কয়েকটি মিনিবাস কাউন্টারের কর্মচারীদের সঙ্গে এলাকাবাসী ও ছাত্রদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কয়েকজন বাস শ্রমিককে মারধর করে।
এ সময় তারা ২০টি মিনিবাস আটকে রাখে এবং সড়ক অবরোধ করে।
জালকুড়ি থেকে নারায়ণগঞ্জ শহরের ভাড়া ৬ টাকা হলেও বাস কোম্পানিগুলো ৮ টাকা আদায় করছে বলে এলাকাবাসী অভিযোগ করে।
এএসপি আরো বলেন, শ্রমিকদের মারধরের খবর পেয়ে বাস মালিক ও শ্রমিকরা শহরের চাষাড়ায় পাল্টা অবরোধ করে।
বেলা ১টার দিকে পুলিশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে উভয়পক্ষ অবরোধ প্রত্যাহার করে নেয়।
আগামী ১৭ ডিসেম্বর দুপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে বলে এএসপি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24