ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা সেবা বাড়াতে আড়াই হাজারেরও বেশি পদে নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২৬২৭ টি শূন্য পদে নার্স নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেছেন, নার্সদের পেশাগত মানোন্নয়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে।"
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০০৯ প্রণয়নের প্রস্তাবের নীতিগত অনুমোদন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০০৯-এর খসড়ার চুড়ান্ত অনুমোদনও দেওয়া হয়।
তিনি জানান, ২০০১ সালে বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। কিন্তু ২০০৬ সালে এটি বাতিল করা হয়। এরপর বরিশালের মেয়রের আবেদনের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ফাজিল ও কামিল পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়ায় এর আইন সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/জিএনএ/১৬২৮ ঘ.
bdnews24