২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২-৩ মাসের মধ্যেই পুলিশে ১৭ হাজার নতুন সদস্য

আগামী ২-৩ মাসের মধ্যেই পুলিশ বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অপরাধ বিষয়ক প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২-৩ মাসের মধ্যেই পুলিশ বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। রোববার পুলিশ সদরদপ্তরে আইজিপি সাংবাদিকদের বলেন, "বিভিন্ন পদমর্যাদায় ১৭ হাজার পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন প্রস্তাবটি যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। আগামী ২/৩ মাসের মধ্যেই ১৭ হাজার পুলিশ সদস্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।" নূর মোহাম্মদ এসময় বলেন, পুলিশে যানবাহন, আবাসন সমস্যার পাশাপাশি জনবল সঙ্কটও প্রকট আকারে রয়েছে। এই নিয়োগ শুরু হলে এ সমস্যার অনেকাংশে সমাধান হবে।" এদিনই এর আগে পুলিশ সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, পুলিশের জনবল সঙ্কটের বিষয়ে সরকার সচেতন রয়েছে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। গত জানুয়ারি মাসে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৩ বছরে ৩০ হাজার পুলিশ সদস্য নিয়োগের ঘোষণা দেয়। এখনই যানবাহনসহ বিভিন্ন অপ্রতুলতা রয়েছে। নতুন পুলিশ সদস্য যোগ হলে সমস্যা আরো বাড়বে কিনা, এই প্রশ্নের জবাবে আইজিপি বলেন, "পুলিশের যানবাহন সমস্যার সমাধানে ৫শ' কোটি টাকার থোক বরাদ্দ চেয়ে একটি প্রস্তাব আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এতে যানবাহন সমস্যা একবারেই অনেকটা সমাধান হবে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যে আলাদা করেই বাজেট হবে।" পুলিশে পদোন্নতি জট ইতোমধ্যেই খুলতে শুরু করেছে বলে মন্তব্য করেন পুলিশ প্রধান। তিনি আশা প্রকাশ করেন এ কারণে অনেক উর্ধ্বতন খালি পদ এবার পূরণ হবে। এছাড়া পাবর্ত্য চট্টগ্রাম থেকে ফিরিয়ে আনা একটি ব্যাটালিয়নকে শীঘ্রই বিভিন্ন স্থানে কাজে লাগানো হবে। নূর মোহাম্মদ জানান, ৯৮ কোটি টাকা ব্যয়ে নতুন করে ১০টি ব্যারাক তৈরির পরিকল্পনা চলছে। এর ৪টি ঢাকাতে হতে পারে। পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই যে সার্ভিস ডেলিভারি, কমিউনিটি পুলিশিং ইত্যাদিও তো সংস্কারের অংশ।" জনবল সঙ্কটের কারণে পাঁচটি মহানগরসহ সারাদেশে পুলিশের বিভিন্ন পর্যায়ে বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩০৬ঘ.