ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'আমাদের বাঁচাও, আমাদের বাঁচতে দাও। আমরা করুণা চাই না, আমরা ক্ষতিপূরণ চাই'।
এই দাবি তুলে শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে হয়েছে নৌবন্ধন ও সমাবেশ।
এসব কর্মসূচি থেকে বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্যও শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: সকাল ১০টার দিকে কক্সবাজার শহর ও আশপাশের লোকজন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নিজেদের ব্যানার নিয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জড়ো হন।
সৈকতের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে লম্বা লাইনে দাঁড়িয়ে 'মানবপ্রাচীর' রচনা করেন তারা।
মানবপ্রাচীর কর্মসূচি উদ্বোধন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি।
তিনি বলেন, জলবায়ূ পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো কক্সবাজার।
উদ্বোধনী সমাবেশে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বলেন, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ- জেলার এই আট উপজেলার মানুষই জলবায়ূ পরিবর্তনের শিকার।
স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) এলায়েন্স ফর ক্লাইমেট চেঞ্জ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আয়াছুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূরুল আলম নিজামী, পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা ম্যাজিষ্ট্রেট ফকির মুনাওয়ার হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আজিজুল ইসলামসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
রাঙামাটি: বিকাল সাড়ে ৩টায় কাপ্তাই হ্রদে নৌবন্ধন কর্মসূচি শুরু হয়। শহরের তবলছড়ি লঞ্চঘাট থেকে প্রায় ৩০টি নৌযান সারিবদ্ধ হয়ে কাপ্তাই হ্রদে অবস্থান নেয়। সাড়ে ৫টা পর্ষন্ত দু'ঘণ্টা কর্মসূচি চলে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে রাঙামাটির বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
রাঙামাটির পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজ আয়োজিত নৌবন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার, জেলা পরিষদ সদস্য শামীমা রশিদ, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
সমাবেশে বক্তারা জলবায়ুর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেন।
তারা বলেন, জলবায়ুর পরির্বতনের ফলে পার্বত্য চট্টগ্রামের জনজীবনের যে পরির্বতন ঘটতে যাচ্ছে সে সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24