কুষ্টিয়া, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলায় শনিবার সকালে এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শাহীন শেখ (৩৫)। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য বলে কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সি এ হালিম জানিয়েছেন।
পুলিশের ধারণা, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলে শাহীন খুন হন। তার দেহের খণ্ডিত অংশ দুটি স্থানে পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদরের ভাদালিয়া বাজারে একটি খোলা ভ্যানের ওপর শাহীনের দেহবিহীন মাথা পাওয়া যায়। এরপর পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে স্বস্তিপুর মধ্যপাড়া গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর থেকে দেহ উদ্ধার করে।"
শাহীনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে। শুক্রবার বিকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সদর থানার ওসি এ কে ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24