ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলো শুক্রবার সন্ত্রাস বিরোধী একটি চুক্তি সই করেছে। সেইসঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নিজেদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা হয়।
সন্ধ্যায় মিয়ানমার থেকে পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
রাজধানী নে পি টোতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মালটিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর বৈঠকে এ অঞ্চলে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে জ্বালানি খাতে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ড নিয়ে ১৯৯৭ সালের ৬ জুন বিমসটেক গঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেন। এতে যোগ দিতে তিনি বৃহস্পতিবার মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বৈঠকের উদ্বোধন করে মিয়ানমারের প্রধানমন্ত্রী থিন সেইন সন্ত্রাসবাদ আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, "সদস্য দেশগুলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ এবং অবৈধ মাদক পাচার বন্ধে সহযোগিতা বিষয়ক বিমসটেক কনভেনশনে সই করেছে।"
দীপু মনি তার বক্তব্যে মাদক, অস্ত্র ও মুদ্রা পাচারের মতো আন্তঃসীমান্ত অপরাধ তৎপরতার সঙ্গে মানব পাচারের যোগসূত্রের কথা তুলে ধরেন।
তিনি বলেন, "মানব পাচার সারা বিশ্বে ক্রমবর্ধমান একটি অপরাধ শিল্পে পরিণত হয়েছে। এ থেকে বার্ষিক আয় আনুমানিক ৫০০ কোটি ডলার থেকে নয়শ' কোটি ডলারের মধ্যে।
"এ অঞ্চলে মানব পাচার বন্ধে সহযোগিতা বাড়াতে একটি কর্মকৌশল গড়ে তোলার এখনই সময়। আর তা করা হলে এই জটিল আন্তঃদেশীয় অপরাধ চক্রের উপর এর একটি ইতিবাচক প্রভাব পড়বে।"
বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, "বৈঠকে অভিমত ব্যক্ত করা হয় যে, সদস্য দেশগুলোর মধ্যে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিমসটেক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ উপাদান, যা থেকে এ অঞ্চলের জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।"
বিমসটেকের এই কানেকটিভিটি প্ল্যান দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেমন থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে সংযোগ স্থাপন করবে।
আটটি সদস্য দেশের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠায় সার্কেরও একটি পরিকল্পনা রয়েছে। এর সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিমসটেককে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অঞ্চল হিসেবে অভিহিত করে সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা কামনা করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "থাইল্যান্ডে আসন্ন বিমসটেক জ্বালানি মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ অঞ্চলের জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়নের চেষ্টা করা উচিত আমাদের।"
বিমসটেকের এই ১২ তম বৈঠকে গ্রিড কানেক্টিভিটি, গ্যাস পাইপলাইন, জল বিদ্যুৎ, জ্বালানির নবায়নযোগ্য উৎস ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া বিমসটেকের একটি স্থায়ী সচিবালয় স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় স্থাপনে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএজেড/এএনএস/এইচএ/২২৩০ ঘ.
bdnews24