সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির এক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে শুক্রবার দুপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কৃষক সংগ্রাম সমিতির নেতাকর্মীরা শহরের বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
সিলেট কোতয়ালি থানার ওসি সৈয়দুজ্জামান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম আহ্বায়ক সুজন মিয়াকে (৪৫) সদর উপজেলার কাস্টঘর এলাকায় সমিতির কার্যালয়ে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করে।
রাত ১১টায় গলায় দড়ি লাগানো অবস্থায় উপজেলার খাদিমপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সুজন মিয়াকে রাতেই সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় সুজন মিয়ার ছেলে রিপন বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
অবরোধ কর্মসূচি চলাকালে কৃষক সংগ্রাম সমিতির সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মো. ছাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা নূরুল ইসলাম, রূপক দাস, হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা মো. সাদেক মিয়া, জাতীয় ছাত্রদল নেতা শাহিন আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা সুজন হত্যাচেষ্টায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোতয়ালি থানার ওসি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর ২টার দিকে কৃষক সংগ্রাম সমিতির নেতাকর্মীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.
bdnews24