ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একযোগে কাজ করতে একমত হয়েছে বিমসটেক।
মিয়ানমারে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে শুক্রবার এ বিষয়ে সমঝোতা হয় বলে ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই জানায়।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের এই অর্থনৈতিক জোটের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও অংশ নিচ্ছেন।
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেকটরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) অপর দেশগুলো হচ্ছে ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।
পিটিআই জানায়, শুক্রবারের বৈঠকে সন্ত্রাস দমন এবং মাদক পাচার রোধে সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গৃহীত প্রস্তাব পরবর্তী বিমসটেক শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে।
বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ১২তম এ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মিয়ানমারের প্রধানমন্ত্রী থেন সেন সন্ত্রাস এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতার ওপর জোর দেন।
এ বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা হন।
১৯৯৭ সালের ৬ জুন বিমসটেক গঠিত হলেও এর কার্যক্রম খুব বেশি এগোয়নি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ আঞ্চলিক এ জোট এ পর্যন্ত একটি স্থায়ী সচিবালয় স্থাপন করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24