ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লঞ্চ দুর্ঘটনায় দায়ের করা হত্যা মামলার আরেক আসামি বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
তিনি হলেন- দুর্ঘটনা কবলিত এমভি কোকো-৪ এর মাস্টার সামসুল হক।
এ নিয়ে ওই মামলায় মোট পাঁচজন উচ্চ আদালত থেকে জামিন পেলেন।
বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ শামসুলের আবেদনে তাকে ছয় মাসের আগাম জামিন দেন।
একই আদালতে ওই লঞ্চের সুকানি উজ্জ্বল হোসেন ও মাকসুদ আহমেদও জামিনের আবেদন করেন। তবে তাদের জামিন না দিয়ে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ।
বুধবার হাইকোর্ট থেকে জামিন পান অপর চার আসামি লঞ্চের মাস্টার আবদুর রহিম, ব্যবস্থাপক মিজানুর রহমান, ঘাট সুপারভাইজার মো. কিবরিয়া ও কর্মচারী জামান।
ঈদের আগের দিন গত ২৭ নভেম্বর ভোলার লালমোহনে কোকো-৪ লঞ্চটি দুর্ঘটনায় পড়ে ৮০'রও বেশি যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী লালমোহনের মো. কামাল থানায় হত্যা মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.
bdnews24