রংপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জ উপজেলায় বুধবার সকালে ওষুধ কোম্পানির এক কর্মকর্তার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেজাউল করিম এরিস্টোফার্মার রংপুর ডিপোতে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালাপুরের মেলান্দহ উপজেলার চর ঘোষপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি কৃষ্ণকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল করিম মঙ্গলবার এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে কোম্পানির পাওনা টাকা আদায় করতে গিয়ে রাতে ফেরেননি।
সকালে উপজেলা সদরের বালুয়াঘাটা এলাকার হেলিপ্যাডের কাছে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৩০ ঘ.
bdnews24