কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে মঙ্গলবার রাতে চুরি হয়েছে।
একই রাতে চুরি হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার উপ-সম্পাদক অসীম কুমার উকিলের বাড়িতেও।
দুটি বাড়িই কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় কিশোরগঞ্জ মডেল থানার ২ শ' গজ পেছনে।
স্পিকারের বাড়ির তত্ত্বাবধায়ক আলম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতের কোনো এক সময় চোরের দল তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে দুটি কক্ষের সব মালামাল তছনছ করে।"
সকালে আলম মিয়া চুরির বিষয়টি টের পান। তবে চুরি যাওয়া মালামাল ও অর্থের বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এ ঘটনায় আলম মিয়া বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।
অসীম কুমারের বাড়িতেও তালা ভেঙে চুরি হয়। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। পাশের বাড়িতে থাকা অসীম কুমারের বড় ভাই অমিত কুমার চুরির বিষয়টি জানতে পারেন।
অসীম কুমারের ভাইয়ের মেয়ে প্রিয়াংকা উকিল বলেন, "স্বর্ণ ও নগদ টাকাসহ অন্য মালামাল খোয়া গেছে। তবে সঠিক পরিমাণ বলতে পারছি না।"
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, "চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।"
ওসি জানান, স্পিকারের বাড়িতে কোনো পুলিশ পাহারা না থাকলেও রাতে ওই এলাকায় পুলিশ টহল ছিলো।
স্পিকারের বাড়িতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে মাসুদ (২৫), ফেরদৌস (২৮), ইসমাইল (২৫), আওয়াল (৩০), মজনু (২০) ও মনির (২০) নামে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এনএনএস/ এমআই/২১১৯ ঘ.
bdnews24