সাতক্ষীরা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে সাতক্ষীরার যে সব সদস্য একাত্মতা প্রকাশ করেছিল সোমবার তাদের বিচার শুরু হয়েছে।
প্রথম দফায় শ্যামনগর উপজেলার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যকে অভিযুক্ত করা হয়।
আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের কাজ বেলা ৩টায় শুরু হয়ে ৪টা ১০ মিনিট পর্যন্ত চলে। অভিযুক্তদের মঙ্গলবার সকাল ১০টায় হাজির করার আদেশ দিয়ে আদালত মুলতবি করা হয়।
গত মাসে রাঙামাটিতে নয় বিডিআর সদস্যের বিচার শুরু হয়।
ঢাকাসহ কয়েকটি জেলায় স্থাপিত ছয়টি আদালতে সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে।
সাতক্ষীরার বিশেষ আদালতে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিচার কাজ পরিচালনা করেন। অপর দুজন বিচারক ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী খালিদ হোসেন ও মেজর লুৎফুল করিম।
বিকাল ৩টা ১০ মিনিটে বিডিআর মহাপরিচালক আদালতে বসেন। তিনি বিচার কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতের সভাপতি ও অপর দুই সদস্যকে শপথ করান। পরে বিডিআর মহাপরিচালক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামানকে শপথ পাঠ করান।
এ সময় আদালতে বিশেষ কৌঁসুলি শাহীদুর রহমান ও মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।
আদালতের অনুমতি নিয়ে নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার মেজর সরোয়ার জাহান একই ইউনিটের ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে বিডিআর অ্যাক্টের ১৪৮/৭২ অধ্যাদেশের আওতায় ১০/এ ধারায় অভিযোগ উপস্থাপন করেন।
সরোয়ার জাহান বলেন, ২৬ ফেব্র"য়ারি নীলডুমুরের ৭ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহী বিডিআর সদস্যরা অস্ত্রাগারের তালা ভেঙে গোলাবারুদ নিয়ে ব্যাপক গুলিবর্ষণ ও সর্বত্র আতংক সৃষ্টি করে এবং কর্মকর্তাদের খোঁজাখুজি করে নৈরাজ্যের সৃষ্টি করে।
বিদ্রোহীরা বেসামরিক মানুষের বাড়িঘরে গিয়ে লোকজনকে মারধরও করে।
সরোয়ার জাহান আরো বলেন, পিলখানা ট্র্যাজেডির পর ৭ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরিফ এবং তিনি নিজে বিডিআর সদস্যদের এক জরুরি দরবার বসিয়ে সকলকে শান্ত থাকার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করে তারা অন্যদেরকেও বিদ্রোহে শামিল হওয়ার আহবান জানায়।
হত্যার উদ্দেশ্যে লে. কর্নেল আরিফ এবং মেডিকেল অফিসার মেজর রিয়াজুল ইসলামকে তাদের সরকারি বাসভবনে খোঁজাখুঁজি করে। তবে তারা পালিয়ে বাঁচেন। বিদ্রোহীরা রেস্ট হাউজ ভাংচুর ও লুটপাট করে, কোয়ার্টার গার্ডের পাগলা ঘণ্টা ও বাঁশি বাজিয়ে উত্তেজনা ছড়ায়।
এ ছাড়া তারা গোপন বৈঠক করে আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগে বলা হয়।
অভিযুক্তরা ১৯৭২ এর প্রেসিডেন্ট আদেশ এবং রাইফেলস অর্ডার ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে উল্লেখ করা হয়।
এরপর ৭ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম প্রসিকিউটর হিসেবে অভিযোগ উপস্থাপন করেন।
সকাল থেকে আদালতের চারপাশে পুলিশ, বিডিআর, র্যাব ও গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করা হয়। বিডিআর ব্যাটালিয়নের আশপাশে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হয়নি।
আদালত মুলতবি ঘোষণার পর ৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল বদরুল এক সাংবাদিকদের বলেন, বিচার কার্যক্রম মঙ্গলবারও চলবে। বিদ্রোহ ছাড়া হত্যা, ধর্ষণ ও লুটতরাজ সহ অন্যান্য অপরাধের মামলা প্রচলিত আইনে হবে বলে জানান তিনি।
বিচার চলাকালে বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ওবায়েদ, সাতক্ষীরার ৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইকবাল আজিম, উপ অধিনায়ক মেজর শামীমসহ বিডিআর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ৬০ বিডিআর সদস্যের মধ্যে শ্যামনগর থানায় করা বিদ্রোহের মামলায় কারাগারে আছেন ৩৪ জন। অভিযুক্ত বাকি ২৬ জন ব্যাটালিয়ন হেফাজতে আছেন।
রাজশাহীর ২২ রাইফেলস ব্যাটালিয়নের মেজর মোকাদ্দেস নীলডুমুর বিডিআর সদস্যদের অভিযোগ তদন্ত করেন বলে বিডিআর কর্মকর্তারা জানান।
তারা জানান, জেলার অপর ব্যাটালিয়ন ৪১ রাইফেলসে বিদ্রোহের ঘটনায় সদর থানায় করা মামলায় ২৬ জন কারাগারে আছেন। তাদের বিচার পরে হবে।
অভিযুক্ত বিডিআর সদস্যরা আইনজীবী বা অন্য যে কোনো বিডিআর কর্মকর্তার কাছ থেকে আইনি পরামর্শ নিতে পারবে। কিন্ত তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন না।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ২৬ ও ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটেলিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের ঘটনায় ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৩ ঘ.
bdnews24