২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি কিশোরদের অর্ধেকের বয়সই ১৬ বছরের কম

দেশের বিভিন্ন কারাগারে বন্দি কিশোরদের অর্ধেকেরই বয়স ১৬ বছরের নিচে। নিয়ম অনুযায়ী এদের শিশু-কিশোর অপরাধী সংশোধনাগারে পাঠানোর কথা থাকলেও যথাযথ তদারকি এবং আইন কর্মকর্তাদের অবহেলায় দাগি আসামিদের সঙ্গেই থাকছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন কারাগারে বন্দি কিশোরদের অর্ধেকেরই বয়স ১৬ বছরের নিচে। নিয়ম অনুযায়ী এদের শিশু-কিশোর অপরাধী সংশোধনাগারে পাঠানোর কথা থাকলেও যথাযথ তদারকি এবং আইন কর্মকর্তাদের অবহেলায় দাগি আসামিদের সঙ্গেই থাকছে তারা। 'কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থার উন্নয়নে গঠিত জাতীয় টাস্কফোর্সে'র এক সভায় রোববার এ চিত্র তুলে ধরা হয়। চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কারাবন্দিদের যে চিত্র তুলে ধরা হয়েছে তাতে দেখা যায়, ৬৭টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২০৫ জন শিশু ও কিশোর আটক রয়েছে, যাদের ৯৮ জনেরই বয়স ১৬ বছরের নিচে। শুধুমাত্র ঢাকা বিভাগের কারাগারগুলোতেই এ ধরনের বন্দির সংখ্যা ৬২ জন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লঘু অথবা বিনা অপরাধে এসব শিশু-কিশোর কারাগারে আটক আছে। বিভাগওয়ারি কারাগারে আটক শিশু-কিশোরদের মধ্যে ঢাকায় ৬২, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ৪৬, খুলনায় ৯, বরিশালে ১১ এবং সিলেটে ২৮ জন রয়েছে। তবে আশার কথা, এ সংখ্যা গতবছরের তুলনায় কিছুটা কম। গত বছরের একই সময়ে বিভিন্ন কারাগারে আটক শিশু-কিশোরের সংখ্যা ছিল ২৮০ জন। টাস্কফোর্স প্রধান মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় আইন সচিব কাজী হাবিবুল আওয়াল, সমাজকল্যাণ সচিব কামরুন্নেসা খানম, শ্রম সচিব আতাহারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার একেএম শহীদুল হকসহ বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু-কিশোরদের কারাগারে আটক না রেখে সংশোধনাগারে পাঠানোর নিয়ম রয়েছে। একইসঙ্গে তাদের আইনগত সহায়তা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তবে বিষয়টি নিয়ে তেমন প্রচারণা না থাকায় অনেকেই এ সুবিধা নিতে পারছে না। এজন্য সভায় 'লিগ্যাল এইড কমিটি'র সহায়তার বিষয়টি ব্যাপক প্রচারণার মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং শিশু আইন, ১৯৭৪ এবং ভবঘুরে আইন, ১৯৪৩ সংশোধনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত আইনের খসড়া প্রণয়ন ও তা মন্ত্রিপরিষদে উপস্থাপনের জন্য চূড়ান্ত করতে আইন, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত উপ-কমিটিকে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/১৯৫৪ ঘ.