২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আসন্ন দিল্লি সফর একধাপ অগ্রগতি'

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নয়াদিল্লির সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নয়াদিল্লির সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি। এ সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশা করছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী রোববার রাজধানীর হোটেল লেকশোর-এ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দুই দিনব্যাপী একটি সংলাপ উদ্বোধন করেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর আয়োজনে এ সংলাপে দেশ বিদেশের বেশ কয়েকজন সাবেক কূটনীতিক অংশ নিচ্ছেন। দীপু মনি সাংবাদিকদের বলেন, "দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করতে আমরা এগিয়ে যাবো।" প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী ১৫ ডিসেম্বর কোপেনহেগেনে যাবেন। সেখান থেকে ভারত সফরে যাবেন তিনি। শেখ হাসিনার সফর ভারত-বাংলাদেশ উভয় দেশের জন্যই একটি বড় সুযোগ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "পারস্পরিক আস্থাপূর্ণ সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক বিষয়ই নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন ইস্যুতে ইতিবাচক পরিবর্তন আনবে।" ভারতে অস্থিতিশীলতা সৃষ্টিতে কোনো গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। সফরকালে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। যৌথ নদীতে পানি বণ্টন, সমুদ্র সীমা, ছিটমহল এর মধ্যে উল্লেখযোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৭১০ ঘ.