ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান।
ভিডিও কনফারেন্স পদ্ধতিতে তারেকের এ বক্তব্য বড় পর্দায় সরাসরি দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও প্রচার উপকমিটির আহবায়ক গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি জানান, সকাল দশটায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের আগে তার বড় ছেলে তারেকের বক্তব্য প্রচার করা হবে। সেভাবেই অনুষ্ঠানের কর্মসূচি সাজানো হয়েছে।
'এক এগারোতে' জরুরি অবস্থা জারির পর তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। বিএনপি-জামায়াত সরকারের সময় ব্যাপক প্রভাবের অধিকারী হিসেবে পরিচিত তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অন্তত ১৩টি মামলা হয়েছে।
২০০৭ এর সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের জামিন নিয়ে তারেক রহমান চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে তিনি সেখানেই আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩৭ঘ.
bdnews24