ভোলা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকায় একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে নিহত নুরুল ইসলামের লাশ তার বাসা থেকে উদ্ধার করে পুলিশ।
তিনি রূপালী লাইফ ইনস্যুরেন্সের ভোলা শাখার উপ-মহাব্যবস্থাপক ছিলেন।
বোরহানউদ্দিন থানার ওসি বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, নুরুল ইসলামের বাসা থেকে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি জানান, বাসাটি তালাবদ্ধ ছিল। নুরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সুরতহাল শেষে দুপুরে ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। নুরুল ইসলামের ভাই আমির হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24