বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়া দিল্লি প্রতিবেদক
নয়া দিল্লি, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া বাংলাদেশে নয়, ভারতেই গ্রেপ্তার হয়েছেন বলে শুক্রবার ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী ডাউকি থেকে রাজখোয়াকে গ্রেপ্তার করা হয় বলে সেদেশের সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) জানায়।
ওই সময় রাজখোয়ার স্ত্রী, দুই সন্তান, ব্যক্তিগত দেহরক্ষী এবং উলফা'র সামরিক শাখার উপপ্রধান রাজু বডুয়াকেও গ্রেপ্তার করা হয়।
বিএসএফ'র মহা পরিদর্শক পৃথ্বী রাই জানান, শুক্রবার রাত সোয়া একটার দিকে রাজখোয়াকে বাংলাদেশ-ভারত সীমান্তের ডাউকিতে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ঘিরে ফেললে সে আত্মসমর্পণ করে।
গ্রেপ্তারের পর রাজখোয়া ও অন্যদের আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভারতের স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান, আসামের প্রধান শহর গৌহাটির আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করা হবে।
এর আগে ভারতের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর চেয়ারম্যান অরবিন্দ সোমবার বাংলাদেশে গ্রেপ্তার হন। পরে তাকে ভারতের কাছে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উলফা চেয়ারম্যানকে বুধবার ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। পরে তাকে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়। যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই।
ওই প্রতিবদনে আরো বলা হয়, অরবিন্দের স্ত্রী কাবেরী কাচারি ও দুই ছেলে বাংলাদেশে গৃহবন্দি আছেন।
উলফা চেয়ারম্যান ছাড়াও ভারতের বিচ্ছিন্নতাবাদী আরেকটি সংগঠন এনএলএফটি নেতা বিশ্ব মোহন দেব বর্মাকেও বাংলাদেশ ভারতের কাছে তুলে দিয়েছে বলে হিন্দুস্থান টাইমস জানায়।
এদিকে অরবিন্দ রাজখোয়ার বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, "ভারতীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে যে খবর প্রচার হচ্ছে, তা সঠিক নয়। উলফার চেয়ারম্যান গ্রেপ্তারের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এইচএ/১৮২৯ ঘ.
bdnews24