যশোর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদীচী হত্যাকাণ্ড মামলায় মুফতি হান্নানকে সাত দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে যশোরের বিচার বিভাগীয় হাকিম মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এ সময় দিয়েছেন।
সিআইডি মামলাটি তদন্ত করছে।
সিআইডির যশোর জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাইয়ুম শিকদার সাংবাদিকদের বলেন, মুফতি হান্নানকে আদালতে হাজির করে সাত দিন জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে।
এ মামলায় আদালতে হাজির করতে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা হান্নানকে বুধবার ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে জানিয়েছেন যশোরের কারা তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক।
মুফতি হান্নান ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি।
১৯৯৯ সালের ৭ মার্চ যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলায় ১০ জন নিহত হয়। আহত হয় ২ শতাধিক। ওই ঘটনায় যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুল আজিজ বাদি হয়ে একটি মামলা করেন। ২০০৬ সালে বিচারিক আদালতের রায়ে সব আসামিই খালাস পায়।
বর্তমানে ওই মামলার পুনঃতদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২৫ ঘ.
bdnews24