২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ থামাতে পুলিশের গুলি, নিহত ১

শেরপুর ও জামালপুরের দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

শেরপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর ও জামালপুরের দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৪০ জন। চরের দখল নিয়ে আগেরদিন হামলার জেরে সোমবার দুপুরে শেরপুরের জঙ্গলদী গ্রামের লোকজনের সঙ্গে পাশের জামালপুরের পাথালিয়া গ্রামের লোকজনের এ সংঘর্ষ হয়। নিহত আবুল হোসেন (১৫) শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী গ্রামের শমশের আলীর ছেলে। রোববার জামালপুরের পাথালিয়া ও গোয়াবাড়িয়া গ্রামের লাঠিয়াল বাহিনী শেরপুর সদরের জঙ্গলদি গ্রামের পাঁচটি বাড়িতে আগুন দেয়। এ সময় তারা আটটি শ্যালো মেশিন ও মাসকালাইসহ বিভিন্ন মালামাল লুট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি জানান, সোমবার দুপুর ১২টার দিকে শেরপুরের জঙ্গলদী এবং জামালপুরের পাথালিয়া এলাকায় কয়েক হাজার গ্রামবাসী লাঠিসোটা, বল্লম, ফালা, ধারালো অস্ত্র, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জামালপুর সদর থানা পুলিশ শেরপুরের গ্রামবাসীদের দিকে গুলি করলে একজন মারা যায়। আহত হয় অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি। গুলিতে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেডেন্ট মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল হোসেনের বাবা শমসের আলী শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন। তিনি জানান, পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববারের ঘটনায় নসু মিয়া নামের এক কৃষক বাদি হয়ে মামলা করেছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান। জামালপুর প্রতিনিধি জানান, সংঘর্ষে জামালপুর দাঙ্গা পুলিশের তিনজনসহ পাথালিয়া ও গোয়াবাড়িয়া গ্রামের ২০ জনের মতো আহত হয়েছে। আহতদের মধ্যে হাবিলদার জওহের ও অপর দুই কনস্টেবল, গ্রামবাসী শোভা (২৮) ও শফিকুল ইসলামকে (২২) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জামালপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) জাহিদ হোসেন বলেন, সংঘর্ষ থামাতে জামালপুরের দাঙ্গা পুলিশ গুলি ছুঁড়েছে। তবে কেউ মারা গেছে কিনা জানা যায়নি। এ ঘটনায় জামালপুরে কোনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। ব্রহ্মপুত্র নদে জেগে উঠা চরের দখল নিয়ে গত ২১ অক্টোবর শেরপুরের ভাগলগড় গ্রামে হামলা চালিয়ে ২২টি বাড়ি পুড়িয়ে দেয় জামালপুরের পাথালিয়া ও গোয়াবাড়িয়া গ্রামের লাঠিয়াল বাহিনী। এর জের ধরে রোববার আবারও হামলার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.